জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামালের উদ্যোগে সড়কের পাশে লাগানো গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় অন্তত ২৫টি চারার এই পরিণতি হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ৫ আগস্ট কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দার নানা জায়গায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পেট্রলপাম্প এলাকা থেকে হীরাকান্দা পর্যন্ত ১০ কিলোমিটার পথের দুই পাশে লাগানো হয় বিভিন্ন প্রজাতির হাজারো চারা। গরু-ছাগলের হাত থেকে বাঁচাতে সেগুলোর চারপাশে দেওয়া হয়েছিল বাঁশের বেড়া। মঙ্গলবার রাতে বামনী এলাকায় অন্তত ২৫টি চারা উপড়ে ফেলা হয়, ভেঙে দেওয়া হয় আরও কয়েকটি।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, সকালে গরু নিয়ে যাওয়ার পথে সড়কের পাশে কয়েকটি চারা উপড়ে পড়ে থাকতে দেখেন তিনি। কিছু চারা ভেঙেও ফেলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫টি চারা নষ্ট করা হয়েছে বলে তাঁর ধারণা। গাছের সঙ্গে এমন শত্রুতার কারণ তাঁরা বুঝতে পারছেন না।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জানান, স্থানীয় একজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, চারাগুলো উপড়ে ও ভেঙে ফেলা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে; জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘বিষয়টি খুবই নিন্দনীয়। যারা এই কাজ করেছে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ করছি। উপড়ে ফেলা গাছগুলো আবার লাগানোর জন্য বলা হয়েছে।’

পরিবেশ নিয়ে কাজ করেন বাসাউরা এলাকার বাসিন্দা বিভাস সাহা। তাঁর বক্তব্য, সরকারি জায়গায় পরিবেশের উপকারী গাছ লাগানোর পর সেগুলো নষ্ট করে ফেলা খুবই দুঃখজনক। চারাগুলো বড় হলে একদিকে পরিবেশ রক্ষা হতো, অন্যদিকে পথচারী ও যাত্রীরাও উপকৃত হতেন। কাজটি যারাই করে থাকুক অন্যায় হয়েছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক বলে মন্তব্য করেন তিনি।