রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩০ আগস্ট ২০২৬

খেলা

মাঞ্জরেকারকে সূর্যবংশীর পাল্টা জবাব

নিজস্ব প্রতিবেদক · ২৬ আগস্ট ২০২৬, ১২:৫৮ দুপুর

মাঞ্জরেকারকে সূর্যবংশীর পাল্টা জবাব
ছবি: প্রথম আলো

বয়স মাত্র ১৫। এই বয়সেই দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য আলোচিত ক্রিকেটারদের একজন তিনি। তবে ভারতের এই ক্রিকেটার এবার ধরা দিলেন ভিন্ন এক চেহারায়।

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার যখন তরুণ ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসি ও বিসিসিআইকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিলেন, তখন জবাব দিতে খুব একটা সময় নেননি বৈভব সূর্যবংশী। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি মাঞ্জরেকারকে উদ্দেশ করেই পাল্টা বলেছেন ভারতের এই কিশোর ওপেনার।

এক্সে তিনি লিখেছেন, ‘এই বিষাক্ততা, বালখিল্য কথাবার্তা আর তিক্ত আচরণ যথেষ্ট হয়েছে। অন্যকে উপদেশ দেওয়ার আগে পুরো ঘটনাটা জেনে নিন।’

মাঞ্জরেকারের মন্তব্যের সূত্র অবশ্য সাম্প্রতিক আরেকটি ঘটনা। কলম্বো টেস্টে ভারতের যশস্বী জয়সোয়াল ও শ্রীলঙ্কার পেসার আশিতা ফার্নান্ডোর উত্তপ্ত বাক্যবিনিময়ের পর আইসিসি দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করে, সঙ্গে দেয় একটি করে ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির ২.১২ ধারা অনুযায়ী অগ্রহণযোগ্য শারীরিক সংস্পর্শের দায়েই এই শাস্তি।

মাঞ্জরেকারের মনে হয়েছে, শাস্তি ওই ঘটনাতেই সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর চোখে, তরুণ ক্রিকেটারদের এমন আচরণ ঠেকাতে আরও কঠোর অবস্থান দরকার। এ প্রসঙ্গেই সূর্যবংশীর নাম টেনে আইসিসি ও বিসিসিআইয়ের উদ্দেশে তিনি লিখেছেন, ‘ভারত “এ” দলের হয়ে সম্প্রতি বৈভব, আর এখন জয়সোয়াল—এ ধরনের আচরণে যদি বারবার তাদের ছাড় দেওয়া হয়, তাহলে এমন আচরণের পুনরাবৃত্তি করতেই তাদের শেখানো হয়। এটি খেলার জন্য ভালো নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও এটি ভালো নয়।’

সূর্যবংশীর নাম মাঞ্জরেকার টেনেছেন চলতি বছরের জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এক ম্যাচে তাঁর আচরণের কারণে। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে সুপার ওভারে ৭ রানে হেরেছিল ভারত ‘এ’। সুপার ওভারে দলের হয়ে ব্যাট করেছিলেন সূর্যবংশী ও সূর্যাংশ শেড়গে।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় মুখ ঘুরিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিশেন হালাম্বাগেকে ধাক্কা দেন সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হালাম্বাগে নাকি তাঁকে বলেছিলেন, ‘ম্যাচ শেষ...এবার বাড়ি যাও।’ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

ঘটনাটি নিয়ে তখন শাস্তির প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত সূর্যবংশীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ম্যাচ অফিশিয়াল ও সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষের।

২৪ বছর বয়সী জয়সোয়ালের ঘটনাটিও আউট হয়ে ফেরার সময়কার। চলমান কলম্বো টেস্টের প্রথম দিনে আশিতার বলে আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরলেও ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কান এই পেসারের সঙ্গে মাথায় ঠোকাঠুকিতে জড়ান তিনি।

জয়সোয়াল পরে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের একটি ভিডিওর জবাবে লিখেছেন, ‘সে কী বলেছে, তা যদি না জানেন, তাহলে দয়া করে বিচার করবেন না।’ সঙ্গে তাঁর আরও মন্তব্য, ‘কেউ সীমা ছাড়িয়ে গেলে তাকে সেটা জানাতে হবে। এই ভারত লড়বে এবং জবাব দেবে।’

সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/sports/cricket/7vb9j8dcxb

বিষয়:: ক্রিকেট · ভারত · সূর্যবংশী

https://www.news.rayenda.com/bn/sports/9djrn9

আগের