রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা

সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ২:২৮ রাত

সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নিতে আবেদন চেয়েছে সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ। ভর্তির আবেদনসংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি — দুই ভার্সনেই ভর্তির জন্য এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। তবে বাংলা ভার্সনের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবেন না। ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

ন্যূনতম কত জিপিএতে আবেদন
বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ লাগবে ৪ দশমিক ৭৮। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম ৩ দশমিক ৫০ এবং মানবিক বিভাগে ২ দশমিক ৫০ জিপিএ থাকতে হবে।

বিভাগ পরিবর্তন করেও আবেদন করা যাবে। বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪ এবং বিজ্ঞান থেকে মানবিকে যেতে হলে ন্যূনতম ৩ প্রয়োজন। ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রেও লাগবে ন্যূনতম জিপিএ ৩।

মোট আসন ৫৬০
এবার বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ৩২০ ও ইংরেজি ভার্সনে ৮০ শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া ব্যবসায় শিক্ষা ও মানবিক — দুই বিভাগেই আসন ৮০টি করে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিতে ভর্তির সুযোগ পাবে মোট ৫৬০ শিক্ষার্থী।

আবেদন শুরু ১ সেপ্টেম্বর, ফি ৫০০ টাকা
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১২ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অথবা কলেজের ওয়েবসাইটের ‘Admission’ লিংক থেকে আবেদন করা যাবে।

আবেদনের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের তথ্য অনুযায়ী ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য সার্ভিস চার্জ ছাড়া দিতে হবে ৫০০ টাকা আবেদন ফি। অনলাইনে অর্থ পরিশোধের পর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর, রোববার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

পরীক্ষা হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিকে আবেদন করলে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগের প্রশ্নে। আবার ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে আবেদন করলে পরীক্ষা হবে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে।

- বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থেকে।

- ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং থেকে।

- মানবিক বিভাগের পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি এবং পৌরনীতি।

লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ বিবেচনা করে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিতদের ফলাফল, মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকাসহ ভর্তিসংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে।

সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/education/admission/nq9w3ua2tw

বিষয়:: ভর্তি · একাদশ শ্রেণি · সেন্ট গ্রেগরী

https://www.news.rayenda.com/bn/education/kecld4

আগের