রাজনীতি
লোডশেডিং নিয়ে সংসদে সরকারের সমালোচনায় রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক · ২৭ আগস্ট ২০২৬, ১:০০ দুপুর
জ্বালানিসংকট ও লোডশেডিং নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দুষ্টু লোকেরা বলেন, ‘টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়। কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারেন না।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানার অভিযোগ, একদিকে তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য হাহাকার চলছে, গ্যাসও মিলছে না; অন্যদিকে নির্বাচনের আগে যারা এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। বন্ধ হয়ে গেছে ৯ শতাধিক কলকারখানা। যাঁরা এখনো চাকরিতে আছেন, তাঁদের চাকরি কত দিন টিকবে তা আল্লাহই জানেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি মনে করিয়ে দেন, বর্তমান সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় যে তিনটি কাজ রয়েছে, তার মধ্যে আছে আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের নিশ্চয়তা।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মুশকিল হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন—তিনি হয় ব্যঙ্গ করেন, না হলে বাক্চাতুর্য দিয়ে পুরো বিষয়টি ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন ৩ জন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না।’
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/politics/2zpdz2o7on
বিষয়:: লোডশেডিং · সংসদ · রুমিন ফারহানা
https://www.news.rayenda.com/bn/politics/oq7qsj