রোগীসেবায় ধারাবাহিক আন্তরিকতা ও দায়বদ্ধতার পুনঃপ্রত্যয় নিয়ে ২০ বছর পূর্তি উদ্যাপন করেছে রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি কন্টিনেন্টাল হাসপাতাল। গত সোমবার বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদসহ নানা আয়োজনে দিনটি পালন করেন হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজনের অংশ হিসেবে দিনভর হাসপাতালের লবিতে সবার জন্য উন্মুক্ত ছিল প্রতিরোধমূলক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। উপস্থিত রোগী ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়া হয়। পরে হাসপাতাল চত্বরে ২০টি ভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। বাদ আসর রোগীদের দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদের আয়োজন ছিল।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বোর্ড সদস্য, চিকিৎসক, নার্স, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ২০ বছর পূর্তির অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান আহমেদ ইসমাইল হোসাইন বলেন, দুই দশকের নিবেদিত সেবা, চিকিৎসাগত উৎকর্ষ, উদ্ভাবন ও অঙ্গীকারের গৌরবময় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জেসিআই-স্বীকৃত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আধুনিক চিকিৎসাসুবিধা, উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ স্বাস্থ্যসেবা পেশাদার আর রোগীকেন্দ্রিক সেবা এক ছাদের নিচে এনে হাসপাতালটি বিশেষায়িত স্বাস্থ্যসেবার একটি বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে বলে জানান তিনি।
গত ২০ বছরে অর্জিত কয়েকটি উল্লেখযোগ্য মাইলফলক তুলে ধরেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক তালহা ইসমাইল বারী। তিনি জানান, সাড়ে ৮ লাখের বেশি নিবন্ধিত রোগীকে উন্নত স্বাস্থ্যসেবা এবং ২ লাখ ৮৫ হাজারের বেশি জরুরি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর বাইরে রয়েছে ২৩ হাজারের বেশি কার্ডিয়াক সার্জারি, ২ লাখ ৩০ হাজারের বেশি ক্যানসার রোগীকে রেডিয়েশন থেরাপি এবং ৩ লাখ ৬৩ হাজার ৫০০-এর বেশি কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা।
তিনি আরও বলেন, ‘এই সংখ্যার পেছনে রয়েছে একজন রোগী, একটি পরিবার এবং আস্থার এক গল্প। এই মাইলফলকগুলো সেবার প্রতি আমাদের আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হতে অনুপ্রাণিত করে। তাই আমাদের স্লোগান “উই কেয়ার মোর” (রোগীসেবায় আরও বেশি যত্ন)।’