ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অপ্রচলিত মাদক কুশ জব্দ হয়েছে। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের কাছ থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই দুই ভারতীয় নাগরিক গ্রিন চ্যানেলে পৌঁছালে তাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাঁদের ট্র্যাভেল ট্রলি তল্লাশি করে মেলে ৫ কেজি ১২০ গ্রাম কুশ। সেই সঙ্গে জব্দ করা হয় দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি ও তিনটি স্মার্টফোন।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, কুশ অত্যন্ত শক্তিশালী ও মারাত্মক ধরনের সিন্থেটিক বা কৃত্রিম মাদক।

সাম্প্রতিক সময়ে শাহজালাল বিমানবন্দরে এই মাদকের কয়েকটি চালান ধরা পড়েছে। গত ১৮ আগস্ট উদ্ধার হয় ৪ কেজি ১৮০ গ্রাম কুশ। ওই ঘটনায় সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে ও আকাশ পাণ্ডে নিজেদের ট্র্যাভেল ট্রলি ও পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়ে যান; তাঁদের বিরুদ্ধেও বিমানবন্দর থানায় মামলা হয়।

এরপর ২২ আগস্ট ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের কর্ণাটকের বাসিন্দা হুসাইন আবদুল কাদের শেখ। ৩ কেজি কুশসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদিন পর ২৪ আগস্ট একই বিমানবন্দরে ৫ কেজি ৪০ গ্রাম কুশসহ ধরা পড়েন পশ্চিমবঙ্গের দুই নাগরিক সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ।