খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে পিসিবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ৩:৩১ রাত
ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচারের প্রতিবাদে পিসিবির অভিযোগ
ছবি: প্রথম আলো

লর্ডস টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, প্রতিবাদ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর কথাও ভেবেছিল বোর্ডটি।

লাঞ্চের বিরতিতে প্রচারিত ওই সাক্ষাৎকারটি নেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের বর্তমান সম্প্রচারক মাইকেল আথারটন। সেখানে ’৯২ বিশ্বকাপজয়ী কিংবদন্তির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই ছেলে; জানান, কারাগারে বাবার জীবন নিয়ে তাঁরা শঙ্কিত। ইমরান প্রায় তিন বছর ধরে কারাবন্দী, সাম্প্রতিক সময়ে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

ক্রিকইনফোর তথ্য বলছে, লাঞ্চের বিরতির আগেই স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে আপত্তি জানায় পিসিবি। তাতে সাক্ষাৎকারটির প্রচার কিছুটা পিছিয়ে দেয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি, তবে ১৮ মিনিটের সাক্ষাৎকারটি শেষ পর্যন্ত প্রচারিত হয়।

সাক্ষাৎকার শেষ হওয়ার সময় পাকিস্তানের খেলোয়াড়েরা দ্বিতীয় সেশনের জন্য মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে তাঁদের নামার কথা ছিল, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে নামে দলটি।

বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকারটি নেন আথারটন। টেস্ট শুরুর আগে এর একটি টিজারও প্রচার করে স্কাই স্পোর্টস। তবে পাকিস্তানে সিরিজটির সম্প্রচারকারী টিভি চ্যানেল পিটিভি সাক্ষাৎকারটি প্রচার করেনি।

ইমরানের স্বাস্থ্য নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চলছে ব্যাপক আলোচনা। বাবার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নানাভাবে দাবি জানিয়ে আসছেন তাঁর দুই ছেলে। গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। কিন্তু শিফায় না নিয়ে তাঁকে নেওয়া হয় রাষ্ট্রীয় পিআইএমএস হাসপাতালে, আর সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর অল্প সময়ের মধ্যেই ফের কারাগারে পাঠানো হয়।

ইমরানের বোন ও ছেলেদের অভিযোগ, শিফা হাসপাতালে নেওয়ার যে নির্দেশ আদালত দিয়েছিলেন, তা লঙ্ঘিত হয়েছে। তাঁরা ইমরানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন।

এর আগে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক, যেখানে কারাগারে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন আথারটনও। সই করেছিলেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরাও। ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের এটি ছিল দ্বিতীয় চিঠি; এর আগে গত ফেব্রুয়ারিতে একই বিষয়ে ১৪ জন সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারকে চিঠি দিলেও তার কোনো জবাব মেলেনি।

এদিকে ইমরান খানকে কারাগারে নির্যাতন করা হয়েছে এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না — এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া বিবৃতিতে সরকারের দাবি, ২০২৩ সালের আগস্টে কারাবন্দী হওয়ার পর থেকে তাঁর পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা তাঁর সঙ্গে ৯০০ বারের বেশি দেখা করেছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় সাজা হয়েছে তাঁর — দুর্নীতির অভিযোগে পেয়েছেন ১০, ১৪ ও ১৭ বছরের সাজা। ২০২৪ সালের নির্বাচনের আগে আরেক মামলায় তাঁকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড।

সূত্র: প্রথম আলো

৪ বার দেখা

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

আপনার মতামত সম্পাদক অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত খবর

পরের খবর

ভারতের ড্রয়ে ‘লাভ’ বাংলাদেশের, ফাইনালের সমীকরণে কী বদলাল

ভারতের ড্রয়ে ‘লাভ’ বাংলাদেশের, ফাইনালের সমীকরণে কী বদলাল