রাজনীতি

বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ৯:২৫ সকাল
বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ প্রসঙ্গ
ছবি: প্রথম আলো

আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার ও বিদ্যুৎ-সংকটই প্রাধান্য পেয়েছে বিএনপির সংসদীয় দলের সভার আলোচনায়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা সার ও বিদ্যুৎ-সংকট নিয়ে দলীয় সদস্যদের (এমপি) অবহিত করেন। সংকটের এই সময়ে জনগণ যেন সরকারকে ভুল না বোঝেন, সে কারণে পরিস্থিতির প্রকৃত চিত্র মানুষের কাছে পৌঁছে দিতে এমপিদের প্রতি অনুরোধ জানান তাঁরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সভাটি শুরু হয়ে শেষ হয় সোয়া ১টায়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের সংসদ সদস্যরা।

একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী মতের নেতা-কর্মীদের ওপর নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে অনেকেই অভিযোগ তোলেন সভায়। পাশাপাশি ‘মব কালচার’ নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সার পরিস্থিতি নিয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)। কৃষিমন্ত্রী সংসদ সদস্য না হওয়ায় তাঁর পরিবর্তে সার নিয়ে কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। সভায় সংসদ সদস্যরা নানা বিষয়ে প্রশ্ন করেন, মন্ত্রীরা সেসবের জবাব দেন।

‘এখনই বিদ্যুৎ পরিস্থিতির সমাধান সম্ভব নয়’

সূত্রগুলো বলছে, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম; যার সারকথা দাঁড়ায় — বিগত সরকারের রেখে যাওয়া অবকাঠামো নিয়ে এই মুহূর্তেই সংকটের সুরাহা করা যাচ্ছে না। তবে লোডশেডিং যেন গ্রাম ও শহরে ভারসাম্য রেখে হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সার নিয়ে ‘স্যাবোটাজের’ আশঙ্কা

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে; সরবরাহ ও বিতরণ যথাযথভাবে হচ্ছে কি না, সে বিষয়ে সরকার সজাগ। সার নিয়ে কেউ যাতে কোনো ধরনের ‘স্যাবোটাজ’ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে উপজেলাভিত্তিক কমিটি গঠনের কথাও জানান তিনি। সভায় বলা হয়, অনেক ইউনিয়নে সারের ডিলাররা পলাতক; এসব এলাকায় নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

‘মব কালচার’ নিয়ে সতর্কতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের আন্তরিকভাবে সহযোগিতার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোথাও কোথাও ‘মব কালচার’ লক্ষ করা যাচ্ছে, যাতে বিএনপির লোকজনও জড়িত বলে দেখা যাচ্ছে। এতে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কথা বলার এবং মাঠপর্যায়ে সরকারবিরোধী ক্ষেত্র তৈরির সুযোগ পেয়ে যাবে।

দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নইলে আইন তার নিজস্ব গতিতে চলবে, কারও মুখ দেখা হবে না।

কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিএনপির নেতা-কর্মীসহ বিরোধী মতের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালানো অনেক পুলিশ কর্মকর্তা এখনো ওসিসহ বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন; তাঁদের কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন-নিপীড়নের অভিযোগ থাকা পুলিশ কর্মকর্তাদের সুনির্দিষ্ট নাম দিতে সংসদ সদস্যদের অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা

সভায় সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সব সংসদ সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি। সরকারের বিরুদ্ধে চালানো প্রচার, অপপ্রচার বা প্রোপাগান্ডা নিয়ে সবাইকে সতর্ক থাকতে এবং জবাব দিতে গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা সভায় যে ব্রিফিং দিয়েছেন, সংসদ সদস্যরা যেন তা নিজ নিজ এলাকায় মানুষের কাছে পৌঁছে দেন — যাতে সরকার সম্পর্কে মানুষ ভুল না বোঝে। স্থানীয় সরকারগুলোর সঙ্গে বিদ্যুৎ-জ্বালানি, সার ও গ্যাস-সংকটের বিষয়েও মানুষকে অবহিত করতে নির্দেশ দেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীকে জয়ী করতে সংসদ সদস্যদের ভূমিকা রাখার নির্দেশনাও দেন সংসদ নেতা। বিশেষ করে ইউনিয়ন পরিষদে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে এবং ‘সৎ ও যোগ্য’ প্রার্থীকে সমর্থন দিতে বলেন তিনি।

নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব বা বিরোধ যেন তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েই শেষ হয় তাঁর বক্তব্য।

সূত্র: প্রথম আলো

৩ বার দেখা

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

আপনার মতামত সম্পাদক অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত খবর

পরের খবর

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের নতুন কমিটি, পদবঞ্চিতদের ঝাড়ুমিছিল

পটুয়াখালীর দুই উপজেলায় যুবদলের নতুন কমিটি, পদবঞ্চিতদের ঝাড়ুমিছিল