নেত্রকোনার পূর্বধলায় মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে ভোরের দিকে ২৫-৩০টি মোটরসাইকেলে করে কয়েকজন নেতা-কর্মী পাবই এলাকায় জড়ো হন। এরপর মোটরসাইকেল নিয়েই পাবই থেকে শ্যামগঞ্জের দিকে মিছিল করার চেষ্টা করেন তাঁরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ পূর্বধলা থানায় খবর দেন। পুলিশ পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। তখন ধাওয়া দিয়ে ১১ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আটপাড়া উপজেলার মারুফ হোসেন মুন্না (২০), সিয়াম আহমেদ (১৮), শিপন মিয়া (১৮) ও ইবনে শফি সামি দ্বীপ (১৮); পূর্বধলা উপজেলার জাহিদুল হাসান ফয়সাল (২৫), নাঈম ইসলাম (২৮), লোকমান আহম্মেদ (২৬), ফজলে এলাহী ময়না (২৯), মাহফুজ আকম শরীফ (২৬), শাওন শেখ (১৬) ও ইমরান (১৫)।

খবর পেয়ে নেত্রকোনা জেলা ডিবির একটি দল আটপাড়া উপজেলার সুখারি এলাকায় অভিযান চালিয়ে আরিফ জাহান বিজয়কে (১৯) এবং শ্রীরামপাশা এলাকা থেকে রুদ্র মিয়াকে (১৯) আটক করে। পরে ময়মনসিংহের গৌরীপুর থেকে আটক হন আরও একজন। সব মিলিয়ে পুলিশ ও ডিবির অভিযানে আটক হন ১৪ জন। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।